গোপালপুর সংবাদ দাতা
টাঙ্গাইলের গোপালপুরে ইয়াবাসহ রেজাউল করিম ওরফে রেজা ফকির (৩৫) নামে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৯ আগস্ট) রাতে উপজেলার নগদা শিমলা ইউনিয়নের চর শিমলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রেজাউল করিম চাতুটিয়া পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং সৈয়দপুর গ্রামের মৃত হাবিবুল্লাহর ছেলে।
গোপালপুর থানার উপপরিদর্শক নজরুল ইসলাম জানান, রেজাউল করিম দীর্ঘদিন ধরে মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িত বলে পুলিশের কাছে তথ্য ছিল। এর ভিত্তিতে চর শিমলা এলাকায় অভিযান চালিয়ে তার কাছ থেকে ১০টি ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় তার সঙ্গে থাকা মোটরসাইকেলচালক মনিরুজ্জামান মুন্নাকেও গ্রেপ্তার করা হয়। তিনি গুলিপেঁচা গ্রামের লিয়াকত আলীর ছেলে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম খান জানান, তিনি ছুটিতে থাকায় ঘটনাস্থলে ছিলেন না। উপজেলায় নতুন যোগদান করায় গ্রেপ্তার শিক্ষককে তিনি ব্যক্তিগতভাবে চেনেন না। তবে সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছ থেকে বিষয়টি নিশ্চিত হয়েছেন।
গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে।











