গোপালপুর সংবাদ দাতা
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ে ক্লাস চলাকালে শ্রেণিকক্ষে ঢুকে দুই শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে কয়েকজন বহিরাগত ব্যক্তির বিরুদ্ধে। আগের দিনের শিক্ষার্থীদের ঝগড়াকে কেন্দ্র করে সোমবার গণিত ক্লাস চলার সময় এ ঘটনা ঘটে। পরে আহত দুই শিক্ষার্থীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
জানা যায়, রোববার বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মধ্যে ঝগড়া হয়। এর জেরে সোমবার গণিত ক্লাস চলাকালে শ্রেণিশিক্ষক জহুরুল ইসলাম সিদ্দিকীর উপস্থিতিতে কয়েকজন বহিরাগত শ্রেণিকক্ষে প্রবেশ করে নবম শ্রেণির শিক্ষার্থী রাকিবকে মারধর শুরু করে।
এ সময় রাকিবকে রক্ষা করতে এগিয়ে গেলে তার সহপাঠী জাহিদও মারধরের শিকার হয়। পরে ঘটনাটি জানাজানি হলে বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, ক্লাস চলাকালে শ্রেণিকক্ষে বহিরাগতদের প্রবেশ এবং শিক্ষার্থীকে মারধরের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিদ্যালয়ের নিরাপত্তা ও শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম রেজা বলেন, তিনি ছুটিতে রয়েছেন। তবে ফোনে ঘটনার বিষয়ে বিস্তারিত শুনেছেন। বিষয়টি নিষ্পত্তির জন্য বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির সঙ্গে আলোচনা করা হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে যাচ্ছেন। বিষয়টি নিয়ে শিক্ষকদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।











