খবরবাংলা ডেস্ক :
চাঁদাবাজি দমনে ভুক্তভোগীর অভিযোগ ছাড়াই পুলিশ নিজে বাদী হয়ে মামলা করতে পারবে—এমন বিধান রেখে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
শনিবার (২৪ অক্টোবর) দুপুরে খুলনার বয়রায় কেএমপির পুলিশ লাইনসে খুলনা বিভাগের কমিউনিটি পুলিশিংবিষয়ক সুধী সমাবেশ শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
আইজিপি বলেন, প্রভাবশালী চাঁদাবাজদের ভয়ে অনেক সাধারণ মানুষ থানায় অভিযোগ করতে চান না। এমনকি তাঁদের বিরুদ্ধে সাক্ষ্য দিতেও ভয় পান। এ বাধা দূর করে চাঁদাবাজদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। আইনটি পাস হলে ভুক্তভোগীর অভিযোগ ছাড়াই পুলিশ স্বপ্রণোদিত হয়ে মামলা করতে পারবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের অবস্থান তুলে ধরে মো. আলী হোসেন ফকির বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ বলপ্রয়োগ করলে ফ্যাসিবাদী বলা হয়, আবার বলপ্রয়োগ না করলে পুলিশকে দুর্বল মনে করা হয়। গত ১৭ বছরে পুলিশ ও জনগণের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
সমাজে মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে আইজিপি বলেন, মাদককে সমাজে প্রতিষ্ঠিত করা হয়েছে। এ পরিস্থিতি নিরসনে পুলিশ কাজ করছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কার্যকর করতে স্বরাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনে আইনি কাঠামো তৈরি করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, এর আওতায় কমিউনিটি পুলিশিং পুলিশের একটি শাখা হিসেবে কাজ করবে।
আইজিপি আরও জানান, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও মাদক নিয়ন্ত্রণে দেশব্যাপী যৌথ অভিযান চলছে। এসব অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের কার্যক্রম জোরদার করার পাশাপাশি নতুন আইনের মাধ্যমে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।











