খবরবাংলা ডেস্ক :
কুষ্টিয়ার দৌলতপুরে মুঠোফোন চুরির অভিযোগে রুহুল হোসেন (২০) নামে এক তরুণকে বাঁশের খুঁটির সঙ্গে বেঁধে মারধর ও চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের জয়রামপুর গ্রামে এ ঘটনা ঘটে। রুহুল ভেড়ামারা উপজেলার স্বরূপের ঘোপ এলাকার মোহাম্মদ রশিদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় রুহুল জয়রামপুর বাজারে গেলে সেখানে একটি আইফোন চুরি হয়। পরে স্থানীয় কয়েকজন তাঁর বিরুদ্ধে ফোনটি চুরির অভিযোগ তোলেন। একপর্যায়ে তাঁকে আটক করে একটি দোকানের সামনে বাঁশের খুঁটির সঙ্গে বেঁধে মারধর করা হয়। পরে তাঁর মাথার চুলও কেটে দেওয়া হয়।
খবর পেয়ে দৌলতপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে রুহুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
দৌলতপুর থানার এএসআই নজরুল ইসলাম বলেন, রুহুলের একটি পায়ের হাড় ভেঙে গেছে। হাতসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। পরে পরিবারের সদস্যরা তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আরএমও ইকবাল হোসেন জানান, রুহুলের চোখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে এবং তাঁর চিকিৎসা চলছে।
দৌলতপুর থানার ওসি খালেদুর রহমান বলেন, রুহুলের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। এ ঘটনায় মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তথ্য সূত্র : প্রথম আলো











