খবর বাংলা ডেস্ক :
বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দলটির নেতাকর্মীরা জুলুম-নির্যাতন সহ্য করে দেশে থাকলেও কোনো দেশ ত্যাগ করেননি। যারা দেশ ও মানুষের জন্য কাজ করে, তারা দেশ ছেড়ে পালায় না। শনিবার (২৪ জানুয়ারি) গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার এস এম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
জামায়াত আমির বলেন, তারা একটি জনবান্ধব বাংলাদেশ গড়ে তুলতে চান। কৃষিকাজে আধুনিকায়ন আনা হবে, ন্যায্য মূল্যে কৃষিপণ্য সরবরাহ করা হবে এবং ফসল ও সবজি সংরক্ষণ নিশ্চিত করা হবে। এছাড়া বেকার যুবক-যুবতীদের জন্য চাকরির ব্যবস্থা করা হবে।
তিনি আরও জানান, জামায়াত নির্বাচিত হলে রংপুরের মেধাবী শিক্ষার্থী আবু সাঈদের স্বপ্ন ও ত্যাগকে সম্মান জানাবে। দেশের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের মধ্যে ইপিজেড নির্মাণ, মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, টানেল নির্মাণ, উপজেলা স্বাস্থ্যসেবা আধুনিকীকরণ এবং শিক্ষার মান উন্নয়ন অন্তর্ভুক্ত থাকবে।
জনসভায় সভাপতিত্ব করেন গাইবান্ধা-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু, এবং অন্যান্য বক্তব্য দেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। সমাপনী অনুষ্ঠানে আমির শফিকুর রহমান গাইবান্ধার পাঁচটি আসনের প্রার্থীদের হাতে দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’ তুলে দেন এবং ভোটে সমর্থন চেয়েছেন।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











