খবরবাংলা ডেস্ক :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা মেজর (অব.) মোজাফফর হোসেনের বিচার সেনা আইনে করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, একই অপরাধে একজন ব্যক্তির দুই আইনে বিচার হতে পারে না। তাই তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে এবং জেনারেল কোর্ট মার্শালের মাধ্যমে তার বিচার সম্পন্ন হবে।
সোমবার (২০ জুলাই) রাজধানীর পিলখানায় বিজিবি সদরদপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
তিনি জানান, জিয়াউর রহমান হত্যা মামলার অন্যান্য আসামিদের বিচারও সামরিক আদালতে হয়েছে। তবে মোজাফফর হোসেন দীর্ঘদিন পলাতক থাকায় তার বিচার সম্পন্ন হয়নি। সম্প্রতি গ্রেপ্তারের পর তাকে সেনা আইনে বিচারের জন্য সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।
সালাউদ্দিন আহমদ বলেন, একই ব্যক্তি একই অপরাধে দুই ভিন্ন আইনে বিচারের মুখোমুখি হতে পারেন না। যদি এ মামলার সঙ্গে সংশ্লিষ্ট কোনো দেওয়ানি বা ফৌজদারি বিষয় থাকে, তা পরবর্তীতে আইন অনুযায়ী পর্যালোচনা করা হবে।
তিনি আরও বলেন, এ মামলায় আগে যেসব আসামি দণ্ডিত হয়েছেন, তাদের রায়ে মোজাফফর হোসেনকে নিয়ে কোনো পর্যবেক্ষণ বা সিদ্ধান্ত থাকলে জেনারেল কোর্ট মার্শাল তা বিবেচনায় নেবে।
সীমান্তে ১০৯ কিলোমিটার কাঁটাতারের বেড়ার পরিকল্পনা
মিয়ানমার সীমান্ত পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আরাকান আর্মি, মিয়ানমারের সেনাবাহিনী এবং অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সংঘাতের প্রভাব বাংলাদেশের সীমান্তেও পড়ছে। মাদক পাচার, গোলাগুলির স্পিলওভার এবং সীমান্ত নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় ১০৯ কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণের প্রস্তাব সরকার বিবেচনা করছে।
তিনি বলেন, বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। তবে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











