খবরবাংলা ডেস্ক :
জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধি করে দেশের মানুষের দোরগোড়ায় উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১১ জুলাই) ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানের শুরুতে প্রশ্নোত্তর পর্বে চিকিৎসকরা স্বাস্থ্যখাতের বিভিন্ন সমস্যা ও চলমান চ্যালেঞ্জ প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। জবাবে তারেক রহমান স্বাস্থ্যসেবা উন্নয়নে সরকারের বিভিন্ন পরিকল্পনা ও উদ্যোগের কথা তুলে ধরেন।
তিনি বলেন, রাজধানীকেন্দ্রিক চিকিৎসাসেবার ওপর নির্ভরশীলতা কমাতে জেলা ও উপজেলা হাসপাতালের অবকাঠামো ও সেবার মান উন্নয়নে সরকার গুরুত্ব দিচ্ছে। পাশাপাশি চিকিৎসকদের শহরের পাশাপাশি গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
এর আগে সকালে ঢাকা মেডিক্যাল কলেজের ৮০ বছর পূর্তি এবং ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। সকাল সোয়া ১০টার দিকে তিনি ঢামেক প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে ঢাকা মেডিক্যাল কলেজ ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











