খবর বাংলা ডেস্ক :
টঙ্গী-আব্দুল্লাহপুর উড়ালসড়ক এলাকা থেকে অপহৃত জাকির হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে টাঙ্গাইল থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত পাঁচ অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) সকালে গাজীপুর মহানগর পুলিশের টঙ্গী পশ্চিম থানা এ তথ্য নিশ্চিত করেছে।
গ্রেপ্তাররা হলেন পাবনার ঈশ্বরদী উপজেলার রফিকুল ইসলাম (৩৬), নওগাঁর বদলগাছির ফজলে রাব্বি (২৬), পাবনার ঈশ্বরদীর রেজাউল ইসলাম হৃদয় (৩১), চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের সেলিম রেজা (৩৭) এবং ঢাকার আশুলিয়ার সানজিদা আক্তার রুপা (৩৫)। তারা টঙ্গীর হোসেন মার্কেট, আউচপাড়া ও সফিউদ্দিন সড়ক এলাকায় বসবাস করতেন।
পুলিশ জানায়, শুক্রবার টঙ্গী-আব্দুল্লাহপুর উড়ালসড়ক থেকে জাকির হোসেনকে অপহরণ করা হয়। এ ঘটনায় শনিবার টঙ্গী পশ্চিম থানায় ভুক্তভোগীর ভাই শাকিল মিয়া লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে বলা হয়, টঙ্গী পশ্চিম থানাধীন টঙ্গী-আব্দুল্লাহপুর উড়ালসড়কের ওপর থেকে অজ্ঞাতনামা ৪ থেকে ৫ জন অপহরণকারী জাকির হোসেনকে তুলে নিয়ে যায়।
এ অভিযোগের ভিত্তিতে টঙ্গী পশ্চিম থানায় মামলা দায়ের করা হয়। পরে পুলিশের একটি অভিযানিক দল তথ্যপ্রযুক্তির সহায়তায় ভুক্তভোগী ও অপহরণকারীদের অবস্থান শনাক্ত করে।
এরপর টাঙ্গাইলের মির্জাপুর থানা এলাকায় অভিযান চালিয়ে জাকির হোসেনকে উদ্ধার করা হয় এবং অভিযুক্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। এ অভিযানে টঙ্গী পশ্চিম থানা পুলিশ টাঙ্গাইল পুলিশের সহায়তা নেয়।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











