টাঙ্গাইল সদর সংবাদ দাতা
টাঙ্গাইল সড়ক বিভাগের উদ্যোগে ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে মহাসড়কের পাশে সোনালু, জারুল ও নিমের চারা রোপণ করে কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে এই বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন টাঙ্গাইলের বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক ও জনপথ অধিদপ্তরের টাঙ্গাইল সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সিনথিয়া আজমেরী খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সিনথিয়া আজমেরী খান জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী মহাসড়ক-সড়কের পাশে পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এটি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, সড়কের সৌন্দর্য বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি যাত্রীদের জন্যও এটি উপকারী হবে।
তিনি আরও জানান, সরকারের ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে এই উদ্বোধন করা হয়েছে। বুধবারের উদ্বোধনী দিনে টাঙ্গাইল সড়ক বিভাগের উদ্যোগে পাঁচ শতাধিক সোনালু, জারুল ও নিমের চারা রোপণ করা হয়েছে।
ড. আবু নাসের মোহসিন হোসেন আশা প্রকাশ করেন, ধারাবাহিকভাবে এ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে একটি সবুজ ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। উদ্বোধনী অনুষ্ঠানে টাঙ্গাইল সড়ক ও জনপথ এবং বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।











