ধনবাড়ী সংবাদ দাতা
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় কুকুর জবাই এবং খণ্ডিত অংশ বিক্রির ঘটনায় ধনবাড়ী থানা পুলিশ অভিযান চালিয়ে ১৬ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত আসিফ ধনবাড়ী পৌর এলাকার ছত্রপুর গ্রামের নূরুল ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ মার্চ গোপন সংবাদ পেয়ে ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার নূরজাহান আক্তার সাথী ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েম ইমরান কাঁচা বাজারে অভিযান চালান। এ সময় ফজলুল হক ফজু নামের এক মাংস বিক্রেতার পরিত্যক্ত চৌকির নিচ থেকে জবাইকৃত কুকুরের খণ্ডিত মাথাসহ বিভিন্ন অংশ উদ্ধার করা হয়।
সিসিটিভি ফুটেজের মাধ্যমে অভিযুক্ত আসিফকে সনাক্ত করা হয়। ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরুস সালাম সিদ্দিক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসিফ কুকুর জবাই এবং মাংস বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
গ্রেপ্তারকৃত আসিফকে (১৬) ৩০ মার্চ টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। পুলিশের কর্মকর্তারা জানান, ঘটনার সঙ্গে আরও যাদের জড়িত থাকার সম্ভাবনা রয়েছে, তাদের আইনের আওতায় আনার কার্যক্রম অব্যাহত রয়েছে। একই সাথে গ্রেপ্তারি পরোওয়ানাভূক্ত অপর একজন আসামীকেও আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।











