টাঙ্গাইল সদর সংবাদ দাতা
টাঙ্গাইলে এক গৃহবধূকে ধর্ষণ এবং আপত্তিকর ছবি ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করার অভিযোগে খাইরুল ইসলাম (৩৩) নামের এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে এসআরবি-১৪।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে এসআরবি-১৪-এর মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার নাদিয়া ফারজানার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তার খাইরুল ইসলাম টাঙ্গাইল সদর উপজেলার গালা গ্রামের ইনাম আলীর ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তি ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী গৃহবধূর মেয়ে একটি মাদ্রাসায় পড়াশোনা করে। সেই সুবাদে ওই শিক্ষার্থীকে বাসায় গিয়ে পড়াতেন খাইরুল ইসলাম। পড়াশোনার খোঁজখবর নেওয়ার অজুহাতে তিনি প্রায়ই ওই বাড়িতে যাতায়াত করতেন।
অভিযোগ অনুযায়ী, গত ৮ আগস্ট বিকেলে খাইরুল ইসলাম ওই বাড়িতে যান। এ সময় গৃহবধূর মেয়ে বাইরে খেলতে গেলে বাড়িতে একা থাকা ওই নারীকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন তিনি। এ সময় কৌশলে ওই নারীর কিছু আপত্তিকর ছবি ধারণ করেন বলেও অভিযোগ রয়েছে।
পরবর্তী সময়ে ধারণ করা ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ওই নারীকে আবারও ধর্ষণ করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
এ ঘটনায় ভুক্তভোগী গত ২ অক্টোবর টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন।
মামলার পর এসআরবি-১৪-এর সিপিসি-৩ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করে। পরে সোমবার সন্ধ্যায় কালিহাতী উপজেলার এলেঙ্গা কলেজ মোড়ে অভিযান চালিয়ে খাইরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেপ্তার ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।











