টাঙ্গাইল সদর সংবাদ দাতা
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি, দ্য কোকা-কোলা ফাউন্ডেশন এবং ইয়াং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশনের যৌথ উদ্যোগে টাঙ্গাইল ও এলেঙ্গা পৌরসভায় অনানুষ্ঠানিক খাতের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য স্বাস্থ্য ও সুরক্ষা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বুধবার আয়োজিত এ ক্যাম্পে প্রায় ১১০ জন পরিচ্ছন্নতা কর্মী বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও সচেতনতামূলক সহায়তা পান।ইউএনডিপি’র প্লাস্টিকস সার্কুলারিটি প্রকল্পের আওতায় আয়োজিত এই ক্যাম্পে অংশগ্রহণকারীদের সাধারণ স্বাস্থ্য পরীক্ষা, রক্তচাপ ও ডায়াবেটিস স্ক্রিনিং করা হয়। পাশাপাশি প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হয়। নারী কর্মীদের জন্য প্রজনন স্বাস্থ্য ও ঋতুস্রাবকালীন পরিচর্যা বিষয়ে বিশেষ পরামর্শ এবং ‘ডিগনিটি কিট’ প্রদান করা হয়।
এলেঙ্গা পৌরসভার নির্বাহী কর্মকর্তা চন্দনা রানী সরকার বলেন, পরিচ্ছন্নতা কর্মীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগ তাদের জন্য সহায়ক ভূমিকা রাখবে।
টাঙ্গাইল পৌরসভার কনজারভেন্সি ইন্সপেক্টর মোহাম্মদ আনিসুর রহমান বলেন, শহরের পরিচ্ছন্নতা রক্ষায় এসব কর্মীর অবদান অপরিসীম। তাদের সুস্থতা নিশ্চিত করা জরুরি।
স্থানীয় অংশীদার ইপসার সমন্বয়ে চিকিৎসক দলের সহায়তায় ক্যাম্পগুলো পরিচালিত হয়। আয়োজকরা জানান, পরিচ্ছন্নতা কর্মীদের স্বাস্থ্য, সুরক্ষা ও অধিকার নিশ্চিত করে তাদের টেকসই পুনর্ব্যবহারভিত্তিক অর্থনীতির সঙ্গে যুক্ত করাই এ প্রকল্পের মূল লক্ষ্য।











