টাঙ্গাইল সদর সংবাদ দাতা
টাঙ্গাইল সদর উপজেলার বাণিজ্যিক এলাকা করটিয়ায় মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও সন্ত্রাস প্রতিরোধে জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) অনুষ্ঠিত এ সভায় বক্তারা বলেন, তরুণ সমাজকে অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে মাদক ও কিশোর গ্যাংয়ের বিস্তার রোধে সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় বক্তারা তরুণদের খেলাধুলা, পড়াশোনা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার আহ্বান জানান। তাদের মতে, তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত রাখা গেলে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার ঝুঁকি কমবে।
এ সময় ইভটিজিং ও চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি অপরাধীদের কোনো ধরনের আশ্রয়-প্রশ্রয় না দেওয়ার আহ্বান জানানো হয়। অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়ে সহযোগিতা করার জন্যও স্থানীয়দের প্রতি আহ্বান জানান বক্তারা।
করটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও বিএনপি নেতা সৈয়দ জাদিদুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এইচ. এম. মাহবুব রেজওয়ান সিদ্দিকী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার সরোয়ার আশরাফি।
এ ছাড়া সভায় স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তি, নারী প্রতিনিধি ও পুলিশ সদস্যরা অংশ নেন।











