মো: জিসান রহমান
,
মাভাবিপ্রবি প্রতিনিধি :
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) রাণীঘাট পুকুরে গোসল করতে নেমে হাসিব (১৫) নামের স্থানীয় এক তরুণের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) দুপুর আনুমানিক ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, সকালে ফুটবল খেলা শেষে ১৬-২০ জনের একটি দল একসঙ্গে রাণীঘাট পুকুরে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে পানিতে তলিয়ে যান হাসিব। বিষয়টি টের পেয়ে সঙ্গে থাকা ব্যক্তিরা ও উপস্থিত লোকজন তাৎক্ষণিকভাবে তাকে পুকুর থেকে উদ্ধার করে টাঙ্গাইল সাধারণ হাসপাতালে নিয়ে যান। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত হাসিব বিশ্ববিদ্যালয় সংলগ্ন বাগবাড়ি এলাকার তারা মিয়ার ছেলে। তিনি স্থানীয় একটি মোবাইল সার্ভিসিংয়ের দোকানে কাজ করতেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মনির মোর্শেদ বলেন, “সংবাদ পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে উপস্থিত হই এবং সন্তোষ পুলিশ ফাঁড়ি ও স্থানীয়দের সহযোগিতায় তাকে দ্রুত সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি। এমন অনাকাঙ্ক্ষিত ও মর্মান্তিক দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ সবাইকে পুকুরে গোসলের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করার অনুরোধ করা হচ্ছে।”











