মির্জাপুর
,
সংবাদ দাতা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে মোট ১২৬টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে ১২টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে উপজেলা প্রশাসন। একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনে ইতোমধ্যে সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এ আসনে নারী-পুরুষ, তৃতীয় লিঙ্গ ও পোস্টাল ব্যালটসহ মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭৫ হাজার ৪৩৭ জন। নির্বাচনে এসব কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত কেন্দ্রগুলো হলো— গোড়াই ইউনিয়নের রাজাবাড়ী উচ্চ বিদ্যালয়, মঈননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মীর দেওহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, রশিদ দেওহাটা উচ্চ বিদ্যালয়, বাইমাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, রানাশাল উচ্চ বিদ্যালয়; আজগানা ইউনিয়নের ঝোপবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঝোপবাড়ী কমিউনিটি ক্লিনিক ভবন, চিতেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বংশাই স্কুল অ্যান্ড কলেজের দক্ষিণ পাশের টিনশেড ভবন ও উত্তর পাশের পাকা ভবন; লতিফপুর ইউনিয়নের ত্রিমোহন সরকারি প্রাথমিক বিদ্যালয়।
এ আসনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন— বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা আব্দুল্লাহ এবনে আবুল হোসেন এবং বাংলাদেশ রিপাবলিকান পার্টি মনোনীত হাতি প্রতীকের প্রার্থী তোফাজ্জল হোসেন।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে। শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।
মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সুরাইয়া ইয়াসমিন জানান, প্রশাসনের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ভোটাররা যাতে সুষ্ঠ পরিবেশে ভোট দিতে পারেন, সে লক্ষ্যে সব ব্যবস্থা নেওয়া হয়েছে।











