টাঙ্গাইল সদর
,
সংবাদ দাতা
টাঙ্গাইল-৫ (সদর) আসনে লেভেল প্লেয়িং ফিল্ড না থাকা এবং বিভিন্নভাবে হামলার অভিযোগ এনে জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী মোজাম্মেল হক সংবাদ সম্মেলন করেছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের অডিটোরিয়ামে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
লিখিত বক্তব্যে মোজাম্মেল হক বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করলেও জাতীয় পার্টি একটি গণতান্ত্রিক দল হিসেবে মুক্ত পরিবেশে রাজনৈতিক কর্মসূচি পরিচালনার সুযোগ পাচ্ছে না। তিনি অভিযোগ করেন, দলের বিভিন্ন কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, এমনকি কেন্দ্রীয় কার্যালয়েও আগুন দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের যেসব নেতার বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ রয়েছে তাদের আইনের আওতায় আনা উচিত। তবে সৎ ও ত্যাগী নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা ঠিক নয় বলেও মন্তব্য করেন তিনি।
সংবাদ সম্মেলনে জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি শামসুদ্দোহা যুবরাজ, ফারুকুল ইসলাম পান্না, যুগ্ম সম্পাদক ইব্রাহিম মোল্লা, সুজাত আলী মিয়া, মাহফুজুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।











