খবরবাংলা ডেস্ক :
তথ্যপ্রযুক্তির দ্রুত বিকাশে মানুষের জীবন এখন যেন দুই জগতে বিস্তৃত—একটি বাস্তব জীবন, অন্যটি ভার্চুয়াল জগৎ। একসময় মানুষের পরিচয় ও কর্মকাণ্ড মূলত পরিবার, কর্মক্ষেত্র ও সামাজিক পরিসরেই সীমাবদ্ধ ছিল। এখন স্মার্টফোন ও কম্পিউটারের পর্দায় তৈরি হয়েছে বিশাল এক ডিজিটাল জগৎ।
সামাজিক যোগাযোগমাধ্যম, ভিডিও প্ল্যাটফর্ম, অনলাইন মার্কেটপ্লেস, গেমিং ও বিভিন্ন ডিজিটাল সেবায় অ্যাকাউন্ট খুলে মানুষ সেখানে নিজের আলাদা পরিচয় তৈরি করছে। কেউ মতামত প্রকাশ করছে, জ্ঞান ছড়িয়ে দিচ্ছে, মানুষের উপকার করছে ও দ্বিনের কথা প্রচার করছে। আবার কেউ কেউ প্রতারণা, হয়রানি, অপমান, গুজব কিংবা অশ্লীলতার মতো নেতিবাচক কর্মকাণ্ডেও জড়িয়ে পড়ছে।
ইসলামের দৃষ্টিতে ভার্চুয়াল জগত বাস্তব জীবন থেকে আলাদা কোনো জবাবদিহিহীন ক্ষেত্র নয়। বাস্তব জীবনের মতো এখানেও মানুষের কথা, লেখা, ছবি, ভিডিও, লাইক, শেয়ার ও মন্তব্য তার আমলের অংশ হিসেবে বিবেচিত হবে। প্রযুক্তি নিজে ভালো বা মন্দ নয়; বরং এর ব্যবহারই নির্ধারণ করে এটি নেকির মাধ্যম হবে, নাকি গুনাহের কারণ হবে।
তাই একজন মুমিনের জন্য বাস্তব জীবনের পাশাপাশি ভার্চুয়াল জীবনেও তাকওয়া ও আত্মসংযম বজায় রাখা জরুরি।
১. প্রতিটি কাজের হিসাব দিতে হবে
ভার্চুয়াল জগতে কোনো পোস্ট, মন্তব্য বা সার্চের ইতিহাস মুছে ফেলা সম্ভব হলেও ইসলামী বিশ্বাস অনুযায়ী মানুষের কোনো আমলই আল্লাহর কাছে অগোচর থাকে না।
পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ‘আর যে বিষয় তোমার জানা নাই তার অনুসরণ কোরো না। নিশ্চয়ই কান, চোখ ও অন্তঃকরণ—এগুলোর প্রতিটির ব্যাপারে সে জিজ্ঞাসিত হবে।’ (সুরা বনি ইসরাঈল, আয়াত ৩৬)
তাই কোনো খবর যাচাই না করে শেয়ার করা, কারও বিরুদ্ধে অপপ্রচার চালানো, অশ্লীল কনটেন্ট দেখা কিংবা জেনে-শুনে ক্ষতিকর তথ্য ছড়িয়ে দেওয়াকে শুধু ‘অনলাইন কর্মকাণ্ড’ হিসেবে দেখার সুযোগ নেই। এসব কাজেরও জবাবদিহি রয়েছে।
২. অনলাইনে ভালো-মন্দ দ্রুত ছড়িয়ে পড়ে
সামাজিক যোগাযোগমাধ্যমের একটি পোস্ট বা ভিডিও মুহূর্তেই হাজারো মানুষের কাছে পৌঁছে যেতে পারে। ফলে একজনের তৈরি করা কোনো কনটেন্ট অন্য অনেক মানুষের আচরণ ও চিন্তায় প্রভাব ফেলতে পারে।
হাদিসে রাসুল (সা.) বলেছেন, যে ব্যক্তি সঠিক পথের দিকে আহ্বান করে, সে পথের অনুসারীদের সমপরিমাণ সওয়াব পাবে; আর যে ব্যক্তি বিভ্রান্তির দিকে আহ্বান করে, তার ওপর সেই পথের অনুসারীদের অনুরূপ গুনাহ বর্তাবে। (মুসলিম, হাদিস ৬৬৯৭)
তাই অনলাইনকে ভালো কাজে ব্যবহার করার সুযোগও অনেক। যেমন—রক্তদাতার সন্ধান দেওয়া, অসহায় মানুষের সাহায্যের আবেদন ছড়িয়ে দেওয়া, শিক্ষামূলক তথ্য প্রকাশ করা কিংবা উপকারী জ্ঞান প্রচার করা। অন্যদিকে মিথ্যা, অপবাদ, প্রতারণা ও অশ্লীলতা ছড়িয়ে দেওয়ার মাধ্যমে মানুষ নিজের পাশাপাশি অন্যের গুনাহের কারণও হতে পারে।
৩. সাইবার বুলিং থেকে বিরত থাকা জরুরি
কারও ছবি বা ভিডিও বিকৃত করে প্রচার করা, অপমানজনক মন্তব্য করা, প্রকাশ্যে কাউকে হেয় করা কিংবা উদ্দেশ্যমূলকভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে আক্রমণ করা সাইবার বুলিংয়ের মধ্যে পড়ে। এর ফলে ভুক্তভোগী ব্যক্তি সামাজিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন।
ইসলামে কাউকে উপহাস, অপমান বা কটূক্তি করা নিষিদ্ধ। পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘হে ঈমানদারগণ, কোনো সম্প্রদায় যেন অপর কোনো সম্প্রদায়কে বিদ্রুপ না করে, হতে পারে তারা বিদ্রুপকারীদের চেয়ে উত্তম।’ (সুরা হুজুরাত, আয়াত ১১)
তাই অনলাইনে মতের অমিল হলেও অন্যকে অপমান, বিদ্রুপ বা হেয় করার পথ থেকে বিরত থাকা উচিত।
৪. ভার্চুয়াল জগতেও দৃষ্টির হেফাজত করতে হবে
স্মার্টফোনের কারণে পৃথিবীর নানা ধরনের ছবি ও ভিডিও এখন মানুষের হাতের মুঠোয়। এক ক্লিকেই এমন কনটেন্ট সামনে চলে আসতে পারে, যা বাস্তব জীবনে হয়তো কখনো দেখার সুযোগ হতো না।
ইসলাম মুমিনদের দৃষ্টি সংযত রাখার নির্দেশ দিয়েছে। কোরআনে বলা হয়েছে, ‘মুমিন পুরুষদের বলো, তারা তাদের দৃষ্টিকে সংযত রাখবে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করবে।’ (সুরা নুর, আয়াত ৩০)
বিশেষ করে অশ্লীল ছবি বা ভিডিও তৈরি, প্রকাশ, ইচ্ছাকৃতভাবে দেখা কিংবা অন্যদের কাছে ছড়িয়ে দেওয়ার বিষয়ে সতর্ক থাকা জরুরি। কোরআনে অশ্লীলতা ছড়িয়ে পড়াকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে। (সুরা নুর, আয়াত ১৯)
৫. দ্বিন প্রচারেও বড় সুযোগ তৈরি হয়েছে
ভার্চুয়াল জগৎ শুধু ঝুঁকির জায়গা নয়; এটি ভালো কাজ ও দ্বিন প্রচারেরও বড় মাধ্যম হতে পারে। অনলাইনে কোরআন শেখা, ইসলামী জ্ঞান অর্জন, উপকারী গবেষণা প্রচার, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং মানুষের কাছে দ্বিনের শিক্ষা পৌঁছে দেওয়া সম্ভব।
বিশ্বের বিভিন্ন অঞ্চলে এমন মানুষ রয়েছেন, যাদের কাছে বিশুদ্ধ কোরআন ও ইসলামী শিক্ষার সুযোগ সীমিত। প্রযুক্তির মাধ্যমে তাদের কাছে প্রয়োজনীয় শিক্ষা পৌঁছে দেওয়া একটি গুরুত্বপূর্ণ সেবার সুযোগ তৈরি করেছে।
তাই ভার্চুয়াল জগতকে কীভাবে ব্যবহার করা হচ্ছে, সেটিই মূল বিষয়। একজন মুমিনের উচিত বাস্তব জীবনের মতো অনলাইন জীবনেও আল্লাহর ভয়, আত্মসংযম ও তাকওয়া বজায় রাখা। প্রযুক্তিকে গুনাহের মাধ্যম না বানিয়ে মানুষের কল্যাণ ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের কাজে ব্যবহার করাই হতে পারে ডিজিটাল জীবনের সবচেয়ে ইতিবাচক পথ।










