খবরবাংলা ডেস্ক :
ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশার লার্ভা এবং এর প্রজননস্থল ধ্বংসে চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বুধবার (২৪ জুন) সকালে রাজধানীর গুলশানে টাস্কফোর্স কমিটির মশক নিধন কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
পরিদর্শনকালে উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) গুলশান এলাকার ছয়টি বাড়ি ও প্রতিষ্ঠানে অভিযান চালায়। এর মধ্যে তিনটি স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়া যায় বলে নিশ্চিত করেছে সংস্থাটি।
এ সময় স্বাস্থ্যঝুঁকি তৈরি এবং মশার প্রজননস্থল নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ার দায়ে গুলশানের একটি চয়েস রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। এডিস মশার বিস্তার রোধে সরকারি সংস্থার পাশাপাশি সাধারণ মানুষকেও নিজ নিজ বাসাবাড়ি ও প্রতিষ্ঠানের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, মঙ্গলবার (২৩ জুন) প্রতিমন্ত্রী মীর শাহে আলমের তত্ত্বাবধানে ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে একটি বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এই টাস্কফোর্স রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় মশক নিধন ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করবে।
তথ্য সূত্র : যমুনা টিভি











