খবর বাংলা ডেস্ক :
বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে কুমিল্লা ইপিজেডের নাসা গ্রুপের শ্রমিকরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন। এসময় পুলিশের লাঠিচার্জে অন্তত কয়েকজন শ্রমিক আহত হয়েছেন এবং একাধিক শ্রমিককে আটক করা হয়েছে। অবরোধের ফলে মহাসড়কের দুই পাশে প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়, এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহন চালকরা।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টার দিকে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, আন্দোলনের খবর পেয়ে হাইওয়ে পুলিশসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের অবরোধ প্রত্যাহারের অনুরোধ জানান। এসময় শ্রমিকদের সঙ্গে পুলিশের উত্তেজনা সৃষ্টি হলে লাঠিচার্জ করা হয়। এতে অন্তত ১৫ জন শ্রমিক আহত হয়েছেন বলে দাবি করেন আন্দোলনকারীরা।
শ্রমিকদের অভিযোগ, নাসা গ্রুপসহ তিনটি প্রতিষ্ঠানের প্রায় ১ হাজার ৫০০ শ্রমিকের বকেয়া বেতন-ভাতা পরিশোধ না করেই কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। তারা বলেন, কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেও পাওনা পরিশোধে গড়িমসি করা হচ্ছে। সম্প্রতি বেপজা কর্তৃপক্ষের সঙ্গে কিছু শ্রমিকের গোপন সমঝোতা হলেও অধিকাংশ শ্রমিকের বিষয়টি উপেক্ষিত রয়েছে।
তাদের দাবি, দ্রুত বকেয়া পরিশোধ করা না হলে আবারও মহাসড়ক অবরোধ করা হবে। একই সঙ্গে শান্তিপূর্ণ আন্দোলনে লাঠিচার্জের ঘটনায় তারা নিন্দা জানিয়ে দোষীদের বিচারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিক বলেন, সকাল ১০টা থেকে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে প্রশাসনের পক্ষ থেকে অবরোধ তুলে নেওয়ার অনুরোধ জানানো হলে শ্রমিকরা পুলিশের ওপর হামলা করে, ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করা হয়। দুপুর পৌনে ১২টার দিকে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
হাইওয়ে কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার শাহিনুর আলম খান জানান, অবরোধের কারণে মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে একাধিক পুলিশ টিম কাজ করছে এবং স্বাভাবিক হতে কিছুটা সময় লাগতে পারে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











