টাঙ্গাইল সদর সংবাদ দাতা
টাঙ্গাইলের জেলা প্রশাসক (ডিসি) শরীফা হক ‘প্রাথমিক শিক্ষা পদক ২০২৬’ এর ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসেবে নির্বাচিত হয়েছেন। ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার ও প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ এর বিভাগীয় বাছাই কমিটির সভাপতি শরফ উদ্দিন আহমদ চৌধুরী এবং ঢাকা বিভাগের প্রাথমিক শিক্ষার বিভাগীয় উপ-পরিচালক ও বাছাই কমিটির সদস্য সচিব আবদুল আজিজ কর্তৃক স্বাক্ষরিত গত ৩ জুনের এক সরকারি পত্রে সম্প্রতি এ ঘোষণা দেওয়া হয়।
টাঙ্গাইলে যোগদানের পর থেকেই জেলা প্রশাসক শরীফা হক অত্যন্ত সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। বিসিএস ২৫তম ব্যাচের এই যোগ্য কর্মকর্তা টাঙ্গাইলের ইতিহাসে দ্বিতীয় নারী জেলা প্রশাসক হিসেবে নতুন অধ্যায়ের সূচনা করেছেন। অত্যন্ত সফল ও গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পাশাপাশি জেলায় যোগদানের পর থেকেই তিনি টাঙ্গাইলের প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান রেখে চলেছেন।
শিশুদের প্রতি তাঁর আন্তরিকতা আর শিক্ষার মানোন্নয়নে নেওয়া তাঁর মাঠপর্যায়ের উদ্যোগগুলো সুশীল সমাজ ও শিক্ষক-অভিভাবকদের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে। তিনি মনে করেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের ওপর। কারণ প্রাথমিক শিক্ষাই একটি শিশুর ভবিষ্যৎ জীবন ও সুনাগরিক গড়ে ওঠার মূল ভিত্তি।
নিভৃতচারী ও অত্যন্ত মেধাবী কর্মকর্তা শরীফা হক দেশে-বিদেশের নামী প্রতিষ্ঠান থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, জনগণের আস্থা অর্জনই একজন সরকারি প্রশাসকের সবচেয়ে বড় সাফল্য। তাই মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা আর মানবিক প্রশাসন প্রতিষ্ঠায় তিনি সর্বাধিক গুরুত্ব দিচ্ছেন। তাঁর মতে, সরকারি সেবা এমন সহজ ও জনবান্ধব হতে হবে যেন সাধারণ মানুষ মনে করে রাষ্ট্র সবসময় তাদের পাশে আছে। প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে টাঙ্গাইলে তাঁর গৃহীত যুগোপযোগী কর্মসূচিগুলো একদিন সারাদেশে মডেল হিসেবে বিস্তৃত হবে—এমনটাই আশা রাখছেন জেলার বিদ্যানুরাগী ব্যক্তিত্ব ও সাধারণ মানুষ।











