খবর বাংলা ডেস্ক :
জ্বালানি তেলের সংকটে একদিকে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ছেন, অন্যদিকে এই পরিস্থিতিকে পুঁজি করে রাজধানীতে গড়ে উঠেছে অবৈধ তেল বাণিজ্যের নতুন চক্র। ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা চালকদের অসহায়ত্বের সুযোগ নিয়ে একদল অসাধু ব্যক্তি লাইনের সিরিয়াল বিক্রি করছে। পাশাপাশি অবৈধভাবে তেল মজুত করে খোলাবাজার ও অনলাইনেও বাড়তি দামে বিক্রি করা হচ্ছে।
রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনের সামনে তেলের জন্য অপেক্ষমাণ যানবাহনের দীর্ঘ লাইন কয়েক কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়েছে। তেল নিতে গিয়ে অনেক চালককে ৫ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। এ ভোগান্তি এড়াতে অনেক মোটরসাইকেলচালক টাকা দিয়ে আগের সিরিয়াল কিনে নিচ্ছেন।
সম্প্রতি রাজধানীর একটি ফিলিং স্টেশনের সামনে এক মোটরসাইকেলচালক ৫০০ টাকার বিনিময়ে অন্য একজনের সিরিয়াল কিনে তেল নিয়েছেন বলে জানা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও সিরিয়াল কেনাবেচার ঘটনা ঘটছে।
এদিকে অবৈধভাবে তেল মজুত করে রাজধানীর বিভিন্ন এলাকা, মুদি দোকান এবং গাড়ির গ্যারেজে বোতলে ভরে বিক্রি করা হচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে, মোহাম্মদপুর, বছিলা, মিরপুরসহ বিভিন্ন এলাকায় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে খোলা তেল বিক্রি হচ্ছে।
সংশ্লিষ্টদের অভিযোগ, একটি চক্র ফিলিং স্টেশনের কিছু কর্মকর্তা-কর্মচারীর সহায়তায় তেল সংগ্রহ করে পরে তা বেশি দামে বিক্রি করছে। বিশেষ করে কিছু তরুণ এবং ভাড়াভিত্তিক মোটরসাইকেলচালক এই অবৈধ মজুতে জড়িত বলে অভিযোগ রয়েছে।
পাম্পে যেখানে প্রতি লিটার অকটেন নির্ধারিত দামে বিক্রি হচ্ছে, সেখানে খোলাবাজারে তা প্রায় দ্বিগুণ দামে বিক্রি করা হচ্ছে। অনলাইনেও বিভিন্ন মাধ্যমে বাড়তি দামে তেল বিক্রির প্রমাণ মিলেছে। সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন গ্রুপে তেল কেনাবেচার পোস্ট দেখা যাচ্ছে।
অন্যদিকে, অবৈধভাবে মজুত করা জ্বালানি দেশের বাইরে পাচারের ঘটনাও সামনে আসছে। সীমান্ত এলাকায় তেল পাচার ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নজরদারি চালাচ্ছে।
জ্বালানি বিভাগের তথ্য অনুযায়ী, গত মার্চ মাস থেকে ১২ এপ্রিল পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা ৮৩ হাজার ৫০৮ লিটার ডিজেল এবং ৪ হাজার ৮০০ লিটার পেট্রোল উদ্ধার করেছে।
বর্তমান পরিস্থিতিতে জ্বালানি তেলের সরবরাহ ও বাজার নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











