খবরবাংলা ডেস্ক :
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এবার শিক্ষার্থীদের জন্য দীর্ঘ ছুটির সুযোগ তৈরি হয়েছে। সাপ্তাহিক ছুটি ও সরকারি ছুটি মিলিয়ে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা টানা ১০ দিন এবং কলেজের শিক্ষার্থীরা সর্বোচ্চ ১৬ দিনের বিরতি পেতে পারেন।
তবে প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ছুটির সময়সূচিতে কিছুটা ভিন্নতা থাকতে পারে।
২০২৬ সালের সরকারি, বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত পাঁচ দিনের ছুটি নির্ধারিত রয়েছে। এর আগে ১৬ ও ১৭ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। আবার ২৩ ও ২৪ অক্টোবরও শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি রয়েছে।
এর সঙ্গে ২৫ অক্টোবর রোববার লক্ষ্মীপূজা উপলক্ষে ছুটি থাকলে ১৬ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত টানা ১০ দিনের ছুটি পাওয়ার সুযোগ রয়েছে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের।
তবে একাডেমিক ক্যালেন্ডারের প্রয়োজন অনুযায়ী ছুটির সূচিতে পরিবর্তন আসতে পারে। শিক্ষা মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট অধিদপ্তর সময়সূচি পুনর্নির্ধারণ করলে সেটিই চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে। তাই শিক্ষার্থী ও অভিভাবকদের নিজ নিজ প্রতিষ্ঠানের বিজ্ঞপ্তি অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
কলেজে ছুটি সর্বোচ্চ ১৬ দিন কলেজের শিক্ষার্থীদের জন্য ছুটির সময় আরও দীর্ঘ। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কলেজ-৪ শাখার বিজ্ঞপ্তি অনুযায়ী, দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ১৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ছুটি নির্ধারণ করা হয়েছে।
এর সঙ্গে ১৬ ও ১৭ অক্টোবরের সাপ্তাহিক ছুটি এবং ৩০ ও ৩১ অক্টোবরের সাপ্তাহিক ছুটি যুক্ত হলে কলেজের শিক্ষার্থীরা ১৬ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত টানা ১৬ দিনের বিরতি পাওয়ার সুযোগ পাবেন।
সরকারি চাকরিজীবীদেরও টানা পাঁচ দিনের ছুটি দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের ছুটিও এবার বাড়ানো হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর মঙ্গলবার মহানবমী এবং ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমীর ছুটি নির্ধারিত রয়েছে।
এর সঙ্গে ২২ অক্টোবর বৃহস্পতিবার নির্বাহী আদেশে নতুন করে ছুটি ঘোষণা করা হয়েছে। সাপ্তাহিক ছুটি মিলিয়ে সরকারি চাকরিজীবীরা টানা পাঁচ দিনের ছুটি পাবেন।
মাদরাসায় তিন দিনের ছুটি মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীদের জন্য ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত তিন দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে। মাদরাসা শিক্ষা অধিদপ্তরের ছুটির তালিকা অনুযায়ী, সরকারি-বেসরকারি, এমপিওভুক্ত ও ইবতেদায়ী মাদরাসায় এ ছুটি কার্যকর হবে।
বিশ্ববিদ্যালয়ে ছুটি প্রতিষ্ঠানভেদে বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ছুটির চিত্র কিছুটা ভিন্ন। দেশের সব বিশ্ববিদ্যালয়ের জন্য সরকারি ছুটির তালিকা সরাসরি প্রযোজ্য নয়। স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলো নিজেদের অ্যাকাডেমিক ক্যালেন্ডার ও প্রশাসনিক সিদ্ধান্ত অনুযায়ী ছুটির সময় নির্ধারণ করে।
ফলে বিশ্ববিদ্যালয়ভেদে দুর্গাপূজার ছুটির সময় আলাদা হতে পারে। কোনো বিশ্ববিদ্যালয় সরকারি ছুটির সঙ্গে মিল রেখে ছুটি দিতে পারে, আবার কোনো প্রতিষ্ঠান এর আগে বা পরে অতিরিক্ত ছুটি রাখতে পারে।
ক্লাস, পরীক্ষা, প্রশাসনিক কার্যক্রম ও আবাসিক হলের সময়সূচিও প্রতিষ্ঠানভেদে ভিন্ন হতে পারে। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পৃথক বিজ্ঞপ্তি প্রকাশের পরই চূড়ান্ত ছুটির সময়সূচি নিশ্চিত হওয়া যাবে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











