দেলদুয়ার সংবাদ দাতা
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ জুন) উপজেলার সদর ইউনিয়নের মীরকুমুল্লি গ্রামে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জোহরা সুলতানা যূথী।
সমাবেশে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিংমুক্ত সমাজ গঠনে করণীয় বিষয়ে স্থানীয় অভিভাবকদের সঙ্গে খোলামেলা মতবিনিময় করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। এ সময় থানা পুলিশ, গণমাধ্যমকর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
আলোচনায় বক্তারা বলেন, মাদকাসক্তি, বাল্যবিয়ে ও ইভটিজিং সামাজিক অবক্ষয়ের অন্যতম কারণ। এসব সমস্যা প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, প্রশাসন এবং সমাজের সকল স্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। বিশেষ করে সন্তানদের প্রতি অভিভাবকদের নজরদারি ও সচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সমাবেশে বক্তব্য দেন দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আজাদ মিয়া, উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম, শিক্ষার্থী অভিভাবক জাহিদুল ইসলাম মোরাদ এবং শরিফুল ইসলামসহ অন্যান্যরা।











