দেলদুয়ার সংবাদ দাতা
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় ৬ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শাহালম ওরফে রিফাত (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
গত বৃহস্পতিবার (২৮ মে) উপজেলার পাথরাইল ইউনিয়নের কৈজুরী গ্রামে এ ঘটনা ঘটে। পরে শুক্রবার (৩০ মে) শিশুটির বাবা দেলদুয়ার থানায় মামলা করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, একাব্বর আলী বেপারীর ছেলে শাহালম ওরফে রিফাত তার নিজ বসতঘরে প্রতিবেশী ৬ বছরের শিশুকে প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। পরে বাড়িতে ফিরে শিশুটির আচরণ অস্বাভাবিক মনে হলে মা তাকে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় শিশুটি ঘটনার বিস্তারিত জানায়।
ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা অভিযুক্ত শাহালমকে আটক করে পুলিশে সোপর্দ করেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে টাঙ্গাইল থানায় একাধিক মামলা রয়েছে।
দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, ধর্ষণ চেষ্টার ঘটনায় মামলা দায়েরের পর তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।










