নাগরপুর সংবাদ দাতা
টাঙ্গাইলের নাগরপুরে মাদকাসক্ত ছেলের আঘাতে আব্দুর রহিম ভুঁইয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বেকড়া আটগ্রাম ইউনিয়নের কোনাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুর রহিম ভুঁইয়া পেশায় ভ্যানচালক ছিলেন। স্থানীয়দের ভাষ্য, সকালে তিনি বাড়িতে বসে ভাত খাচ্ছিলেন। এ সময় তার ছেলে মোস্তফা ভুঁইয়া (২০) বাবার কাছে টাকা চান। টাকা দিতে দেরি হওয়ায় একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা পাথরের শীলপাটা দিয়ে বাবার মাথায় আঘাত করেন তিনি।
গুরুতর আঘাতে আব্দুর রহিম মাটিতে পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।
নিহতের স্ত্রী শিরিন বেগম ও বড় মেয়ে সালমা জানান, মোস্তফা দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। তার আচরণেও অস্বাভাবিকতা ছিল এবং মাঝেমধ্যে তিনি বাড়িতে উচ্ছৃঙ্খল আচরণ করতেন।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল কদ্দুস বলেন, মোস্তফা মাদকাসক্ত। টাকা-পয়সা নিয়ে বাবার সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে এই ঘটনা ঘটে।
নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় নিহতের মেয়ে বাদী হয়ে তার ভাই মোস্তফা ভুঁইয়াকে আসামি করে থানায় মামলা করেছেন।
ওসি আরও জানান, ঘটনার পর মোস্তফা ভুঁইয়া ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।










