নাগরপুর সংবাদ দাতা
টাঙ্গাইলের নাগরপুরে নিখোঁজের ১৫ দিন পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ৮ বছরের শিশু আশরাফুলের। একমাত্র সন্তানকে হারিয়ে মা ইতি বেগমের কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে পার ধল্লা গ্রামের পরিবেশ। স্বজনদের নিরবচ্ছিন্ন খোঁজাখুঁজি ও উৎকণ্ঠায় পুরো এলাকায় বিরাজ করছে থমথমে পরিস্থিতি।
নিখোঁজ আশরাফুল উপজেলার সহবতপুর ইউনিয়নের পার ধল্লা গ্রামের মো. আয়নাল মিয়ার ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ১ আগস্ট (শনিবার) বিকেলে খামার ধল্লা খেলার মাঠে ফুটবল খেলা দেখতে যায় আশরাফুল। সন্ধ্যা হয়ে গেলেও সে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও সন্ধান না পেয়ে ওই দিনই নাগরপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি নং-৪০, তারিখ: ০১-০৮-২০২৬) করেন তারা।
আশরাফুলের মা ইতি বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, বিকেলে খেলা দেখতে বের হয়েছিল তার ছেলে। স্থানীয় এক যুবক তাকে কিছু খাওয়ানোর কথা বলে সঙ্গে নিয়ে গেছে বলে তারা জানতে পেরেছেন। তবে ১৫ দিন পেরিয়ে গেলেও ছেলের সন্ধান না পাওয়ায় তিনি উদ্বেগ প্রকাশ করেন। পরিবারের পক্ষ থেকে পুলিশের তদন্তে গাফিলতির অভিযোগও করা হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য মো. ফারুক খান বলেন, পরিবারটি অত্যন্ত অসহায়। একমাত্র সন্তানকে হারিয়ে তারা দিশেহারা হয়ে পড়েছেন। শিশুটিকে দ্রুত ও অক্ষত অবস্থায় উদ্ধারে প্রশাসনসহ সবার সহযোগিতা কামনা করেন তিনি।
তবে পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ অস্বীকার করেছেন নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহুরুল ইসলাম। তিনি বলেন, শিশুটির সন্ধানে পুলিশ বিভিন্ন দিক বিবেচনা করে কাজ করছে। সন্দেহভাজনদের ওপর নজরদারি বাড়ানো হয়েছে এবং আশরাফুলকে উদ্ধারে থানা পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।











