খবর বাংলা ডেস্ক :
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির অগ্রগতির মধ্যেই আমেরিকার মাটিতে পৌঁছেছে ইরান জাতীয় ফুটবল দল। ক্যালিফোর্নিয়ার কারসনে পৌঁছে প্রথম অনুশীলনও সম্পন্ন করেছে দলটি।
মঙ্গলবার (১৬ জুন) নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের অভিযান শুরু করবে ইরান। বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে ২০তম স্থানে রয়েছে এশিয়ার অন্যতম শক্তিশালী দলটি।
বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে মেক্সিকোর টিজুয়ানায় বেস ক্যাম্প স্থাপন করেছিল ইরান। সেখান থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছায় দলটি। গত ফেব্রুয়ারিতে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর নিরাপত্তাজনিত কারণে অ্যারিজোনার পরিবর্তে মেক্সিকোতে ক্যাম্প সরিয়ে নেওয়া হয়েছিল।
গ্রুপ ‘জি’-তে থাকা ইরান ও নিউজিল্যান্ড এর আগে কখনো বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হয়নি। ফলে দুই দলের প্রথম দেখাই হতে যাচ্ছে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসরে।
এদিকে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনা এবং সম্ভাব্য শান্তি চুক্তির খবরে ম্যাচটি ঘিরে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে। আগামী শুক্রবার সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের উপস্থিতিতে একটি আনুষ্ঠানিক শান্তি চুক্তি স্বাক্ষরের আলোচনা চলছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
বিশ্বকাপের মাঠে ইরানের পারফরম্যান্সের পাশাপাশি দেশটির রাজনৈতিক ও কূটনৈতিক পরিস্থিতিও এখন আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।
তথ্য সূত্র : যমুনা টিভি











