খবরবাংলা ডেস্ক :
ফেনীর আলোচিত মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের ওপর হাইকোর্টে রায় ঘোষণা চলছে। সোমবার (২৪ আগস্ট) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করছেন।
এর আগে গত বৃহস্পতিবার রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করেছিলেন আদালত। আলোচিত এ মামলায় আসামিদের ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের ওপর শুনানি গত ২০ আগস্ট শেষ হয়।
২০১৯ সালের ২৪ অক্টোবর ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নুসরাত হত্যা মামলার রায় ঘোষণা করেন। ওই রায়ে মাদরাসার অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলা, সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি রুহুল আমিন, সোনাগাজী পৌরসভার কাউন্সিলর মাকসুদুল আলম, শিক্ষক হাফেজ আবদুল কাদের, প্রভাষক আফসার উদ্দিন, মাদরাসাছাত্র নুর উদ্দিনসহ ১৬ আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
মামলার নথি অনুযায়ী, ২০১৯ সালের ৬ এপ্রিল সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার ছাত্রী নুসরাতকে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয়। গুরুতর দগ্ধ অবস্থায় তাকে ঢাকায় নেওয়া হলে ১০ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পরে নিম্ন আদালতের রায়ের পর আসামিদের মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে। একই সঙ্গে আসামিদের করা আপিল ও জেল আপিলের ওপরও শুনানি অনুষ্ঠিত হয়।
দীর্ঘ শুনানি শেষে আজ সোমবার হাইকোর্টে মামলাটির রায় ঘোষণা শুরু হয়েছে। আদালতের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে নিম্ন আদালতে দেওয়া ১৬ আসামির মৃত্যুদণ্ড বহাল থাকবে কি না।
তথ্য সূত্র : যমুনা টিভি











