খবর বাংলা ডেস্ক :
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে আরব বিশ্বের প্রতিবেশী দেশগুলোর কাছে দুঃখ প্রকাশ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তার এই বক্তব্য বিশ্লেষকদের অনেককেই বিস্মিত করেছে।
গত শনিবার (৭ মার্চ) সকালে দেওয়া এক ভাষণে তিনি মধ্যপ্রাচ্যে প্রতিবেশী বিভিন্ন দেশে হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেন। যুদ্ধ চলাকালে রাষ্ট্রীয় পর্যায়ে এমন ক্ষমা বা দুঃখ প্রকাশ সচরাচর দেখা যায় না। সাধারণত এ ধরনের পরিস্থিতিতে নেতারা অনুশোচনা প্রকাশ করেন বা দায় এড়িয়ে চলেন।
ভাষণে মাসুদ পেজেশকিয়ান বলেন, “ইরানের পদক্ষেপে প্রভাব পড়া প্রতিবেশী দেশগুলোর কাছে আমি ব্যক্তিগতভাবে ক্ষমা চাইছি। প্রতিবেশী দেশগুলোতে আক্রমণ চালানোর কোনো ইচ্ছা ইরানের নেই।” তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতে আশপাশের দেশগুলোকে না জড়ানোর আহ্বান জানান।
এ সময় তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ করার আহ্বানকে ‘স্বপ্ন’ বলে উড়িয়ে দেন। একই সঙ্গে তিনি জানান, ইরানের অস্থায়ী নেতৃত্ব পরিষদ সিদ্ধান্ত নিয়েছে—তাদের ভূখণ্ডে হামলা না হলে আশপাশের দেশগুলোতে হামলা স্থগিত রাখা হবে।
তবে তার এই বক্তব্য ইরানের রাজনৈতিক অঙ্গনে বিতর্কের জন্ম দিয়েছে। পরে পেজেশকিয়ানের কার্যালয় থেকে জানানো হয়, মার্কিন ঘাঁটি থেকে হামলা হলে ইরানের সামরিক বাহিনী কঠোর জবাব দেবে।
এদিকে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সদস্য আলি লারিজানি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, যুদ্ধ পরিচালনা নিয়ে দেশটির কর্মকর্তাদের মধ্যে কোনো মতভেদ নেই।
এ বিষয়ে রয়টার্স যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্তব্য জানতে চাইলেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











