খবর বাংলা ডেস্ক :
নাটোরের লালপুর উপজেলায় প্রবাসীদের সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট হ্যাক করে টাকা আত্মসাতের অভিযোগে একটি প্রতারক চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১ মে) রাতে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের পানসিপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। লালপুর থানা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তাররা হলেন পানসিপাড়া গ্রামের রফিজ মণ্ডলের ছেলে বাসেদ আলী (১৭), আশরাফ আলীর ছেলে আব্দুল্লাহ (১৯), বাচ্চু মণ্ডলের ছেলে আব্দুল্লাহ আল বায়োজিদ (১৮), নওয়াপাড়া গ্রামের সুলতান আলীর ছেলে লালন আলী (২১) এবং শাহিনুর রহমানের ছেলে শাকিল (১৯)।
পুলিশ জানায়, একটি চক্র দীর্ঘদিন ধরে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও ইন্টারনেট ব্যবহার করে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, মেসেঞ্জার ও ইমোসহ বিভিন্ন অ্যাকাউন্ট হ্যাক করে প্রবাসীদের টার্গেট করছিল। পরে এসব অ্যাকাউন্ট নিয়ন্ত্রণে নিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করা হতো।
অভিযানে এসআই মো. মুনসুপ আলী, এসআই আল মাসুম ও এএসআই মো. আনছার আলী অংশ নেন। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, হ্যাকিংয়ের মাধ্যমে প্রতারণা করে অর্থ আত্মসাতের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।











