খবর বাংলা ডেস্ক :
দেশের অর্থনৈতিক উন্নয়ন ও উৎপাদনশীল খাতগুলোতে নারীদের অংশগ্রহণ দিন দিন বৃদ্ধি পেলেও তাদের অধিকার ও নেতৃত্বের সুযোগ আরও সম্প্রসারণের প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। সোমবার রাজধানীর বনানীতে অনুষ্ঠিত ‘নেতৃত্ব ও প্রশাসনে নারী’ শীর্ষক এক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তৃণমূল পর্যায়ের নারীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। বিশেষ করে তৈরি পোশাক শিল্পে কর্মরত লাখো নারী দেশের রপ্তানি আয় ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছেন। প্রায় ৪০ লাখ নারী গার্মেন্টস খাতে নিরলস কাজ করছেন, যা দেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি হিসেবে কাজ করছে। তবে অর্থনৈতিক কর্মকাণ্ডে এত বড় অবদান থাকা সত্ত্বেও নারীরা এখনো বিভিন্ন ক্ষেত্রে কাঙ্ক্ষিত অধিকার ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন।
রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত এ সম্মেলনে নারী নেতৃত্ব বিকাশ, প্রশাসনে অংশগ্রহণ এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীদের সম্পৃক্ততা বৃদ্ধির বিষয়েও বিশেষ গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী অন্যান্য বক্তারা বলেন, একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ ও কার্যকর নেতৃত্ব গড়ে তুলতে নারী-পুরুষের অংশীদারিত্বভিত্তিক সহযোগিতা অপরিহার্য। কর্মক্ষেত্র, প্রশাসন ও নীতিনির্ধারণী পর্যায়ে নারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা গেলে দেশের সামগ্রিক উন্নয়ন প্রক্রিয়া আরো গতিশীল হবে। একই সঙ্গে নেতৃত্বের বিভিন্ন স্তরে নারীদের সুযোগ বৃদ্ধি সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতিকে আরও টেকসই করে তুলতে পারে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











