খবর বাংলা ডেস্ক :
নির্বাচনের ফলাফল মেনে নিয়ে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা দিয়েছেন ডা. শফিকুর রহমান। শুক্রবার দিবাগত রাত ১টা ৪৪ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, শুরু থেকেই একটি স্থিতিশীল ও কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি তাদের অঙ্গীকার ছিল এবং সেই অবস্থান এখনও অটুট আছে। তিনি জানান, দল সামগ্রিক ফলাফলকে স্বীকৃতি দিচ্ছে এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল থাকবে।
পোস্টে জামায়াত আমির বলেন, নির্বাচনী সময়ে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন সেই স্বেচ্ছাসেবক ও সমর্থকদের প্রতি তিনি কৃতজ্ঞ। অনেকেই ভয়ভীতি ও হয়রানির মধ্যেও গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন, যা গণতন্ত্রকে শক্তিশালী করেছে বলে তিনি উল্লেখ করেন। নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ফলাফলে কেউ হতাশ হতে পারেন, তবে তাদের প্রচেষ্টা বৃথা যায়নি। তিনি দাবি করেন, সংসদে দলটির উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে এবং তারা এখন শক্তিশালী বিরোধী অবস্থানে রয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর এই নেতা আরও বলেন, গণতান্ত্রিক রাজনীতি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া এবং মানুষের আস্থা অর্জন করাই এখন মূল লক্ষ্য। তিনি উল্লেখ করেন, তাদের আন্দোলন কেবল একটি নির্বাচনকে ঘিরে নয়; বরং গণতান্ত্রিক সংস্কৃতি শক্তিশালী করা, নাগরিক অধিকার রক্ষা এবং জবাবদিহিমূলক রাষ্ট্র গড়ে তোলাই উদ্দেশ্য। ভবিষ্যতে শান্তিপূর্ণ ও নীতিনিষ্ঠ বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তিনি।
তথ্য সূত্র : যমুনা টিভি











