খবরবাংলা ডেস্ক :
রাজধানীর মিরপুর-১০ নম্বরে ফুটপাত দখল করে দোকান বা কোনো স্থাপনা বসালে মালামাল ও সরঞ্জাম জব্দসহ দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
শনিবার (৩ অক্টোবর) ডিএনসিসির এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনের নির্দেশে মিরপুর-১০ এলাকায় একটি মনিটরিং টিম গঠন করা হয়েছে। টিমটি নিয়মিতভাবে এলাকা পর্যবেক্ষণ করবে।
এতে আরও বলা হয়, মনিটরিংয়ের পরও কেউ ফুটপাত দখল করে দোকান বা কোনো ধরনের স্থাপনা বসালে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ সময় দখলে ব্যবহৃত মালামাল ও সরঞ্জাম জব্দ করা হতে পারে।
ফুটপাত দখলমুক্ত রাখা এবং পথচারীদের চলাচল স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ডিএনসিসি।











