খবরবাংলা ডেস্ক :
আগামী ১২ অক্টোবর থেকে দেশব্যাপী ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় পরিবারগুলোর তথ্য সংগ্রহ শুরু হচ্ছে। এ কর্মসূচি সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে দেশের মসজিদ, মন্দির, প্যাগোডা ও গির্জায় প্রচারণা চালানোর নির্দেশ দিয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়।
গত ৮ অক্টোবর এ বিষয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিবের কাছে চিঠি পাঠিয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ফ্যামিলি কার্ড কর্মসূচি কর্তৃপক্ষ।
চিঠিতে জানানো হয়, আগামী ১২ অক্টোবর থেকে দেশের সব এলাকায় একযোগে পরিবার বা খানা-সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হবে। এ কার্যক্রম পরিচালনার জন্য ‘ফ্যামিলি কার্ড খানা তথ্যভান্ডারের তথ্য সংগ্রহ নির্দেশিকা, ২০২৬’ প্রণয়ন করা হয়েছে।
ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে প্রচারের জন্য পাঠানো বার্তায় বলা হয়েছে, সরকারের প্রশিক্ষিত কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের আর্থসামাজিক অবস্থা সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করবেন। সংগৃহীত তথ্য যাচাই-বাছাই করে কোন পরিবারের সহায়তা সবচেয়ে বেশি প্রয়োজন, তা নির্ধারণ করা হবে।
বার্তায় তথ্য সঠিকভাবে দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। তথ্য কম বা বেশি করে দিলে প্রকৃত অসচ্ছল পরিবার সহায়তা থেকে বঞ্চিত হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
এ ছাড়া অর্থের বিনিময়ে ফ্যামিলি কার্ডের তালিকায় নাম অন্তর্ভুক্ত করে দেওয়ার প্রতিশ্রুতি দিলে তা বিশ্বাস না করার পরামর্শ দেওয়া হয়েছে। তথ্য দিতে কোনো অর্থ লাগবে না বলেও জানানো হয়েছে।
এ ধরনের প্রতারণার শিকার হলে বা এ বিষয়ে তথ্য জানাতে প্রয়োজনে ১০৯৮ নম্বরে যোগাযোগ করার কথা বলা হয়েছে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











