খবরবাংলা ডেস্ক :
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং। সোমবার (১৭ আগস্ট) ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগে প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে দুই দেশের বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ ও দীর্ঘদিনের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা করেন তারা। একই সঙ্গে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধিতে কানাডার সম্ভাব্য সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়েও মতবিনিময় হয়।
বৈঠকে সামরিক প্রযুক্তি আদান-প্রদান, কৌশলগত প্রতিরক্ষা সহযোগিতা, যৌথ প্রশিক্ষণ, দুর্যোগ ব্যবস্থাপনা এবং শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা জোরদারের বিষয়ে উভয় পক্ষ ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন।
এ ছাড়া বাংলাদেশ ও কানাডার প্রতিরক্ষা ও কূটনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়েও আলোচনা হয়। দুই দেশের পারস্পরিক উদ্যোগের মাধ্যমে ভবিষ্যতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন তারা।
তথ্য সূত্র : কালের কণ্ঠ










