খবরবাংলা ডেস্ক :
আগামী মাসে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজকে সামনে রেখে ১৩ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
চোট কাটিয়ে দলে ফিরেছেন অধিনায়ক প্যাট কামিন্স, পেসার জশ হ্যাজলউড এবং অভিজ্ঞ অফস্পিনার নাথান লায়ন। তাদের ফেরায় আবারও একসঙ্গে দেখা যাবে অস্ট্রেলিয়ার ভয়ংকর পেস ত্রয়ী—কামিন্স, হ্যাজলউড ও মিচেল স্টার্ককে।
অ্যাকিলিস ইনজুরির কারণে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন ৩৫ বছর বয়সী হ্যাজলউড। অন্যদিকে হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে দলে ফিরেছেন লায়ন। তাদের অন্তর্ভুক্তির ফলে সর্বশেষ সিরিজে খেলা পেসার মাইকেল নেসার ও ব্রেন্ডন ডগেট স্কোয়াড থেকে বাদ পড়েছেন।
ব্যাটিং বিভাগে বড় কোনো পরিবর্তন আনেনি অস্ট্রেলিয়া। নিয়মিত তারকারাই দলে জায়গা ধরে রেখেছেন। ইনিংস উদ্বোধনে ট্রাভিস হেডের সঙ্গী হবেন অ্যাশেজে অভিষেক হওয়া জ্যাক ওয়েদারাল্ড।
বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার প্রথম টেস্ট শুরু হবে ১৩ আগস্ট ডারউইনে। দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ২২ আগস্ট ম্যাকাইয়ে।
অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াড প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিস, মারনাস লাবুশেন, নাথান লায়ন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড, জ্যাক ওয়েদারাল্ড ও বো ওয়েবস্টার।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











