টাঙ্গাইল সদর সংবাদ দাতা
বাজার তদারকি কার্যক্রমে বাধা ও মার্কেট বন্ধের হুমকির প্রতিবাদে তাৎক্ষণিক প্রশাসনিক ব্যবস্থা গ্রহণসহ পাঁচ দফা দাবিতে টাঙ্গাইলের জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) টাঙ্গাইল জেলা শাখা। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত স্মারকলিপি গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন জেলা কমিটির সভাপতি মঞ্জু রানী প্রামানিক, সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জল, সদর থানা কমিটির সভাপতি হুমায়ুন কবির, পৌর কমিটির সভাপতি মাসুদ রানা, সদর থানা কমিটির সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ রিপন, দেলদুয়ার থানা কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সরকার, জেলা কমিটির সদস্য রঞ্জন কৃষ্ণ পন্ডিত, নাহার চাকলাদার, শাহআলম ও মনিরুজ্জামান মনিরসহ অন্যরা।
স্মারকলিপিতে পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে— জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর-এর জেলা কার্যালয় থেকে পরিচালিত বাজার মনিটরিং অভিযানে সার্বিক নিরাপত্তা ও প্রশাসনিক সহায়তা নিশ্চিত করা, বাজার তদারকিতে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বাধা, হুমকি বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টায় তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সমন্বয়ে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত ও মনিটরিং জোরদার করা, ব্যবসায়ীদের আইন মানতে বাধ্য করতে সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ এবং ঢাকায় ঘটে যাওয়া অনভিপ্রেত ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে আগাম প্রতিরোধমূলক ব্যবস্থা নিশ্চিত করা।
জেলা ক্যাবের সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জল বলেন, বাজার মনিটরিং কার্যক্রম যাতে নির্বিঘ্ন থাকে এবং কোনো অপ্রীতিকর ঘটনার পুনরাবৃত্তি না ঘটে— সে বিষয়ে প্রশাসনের সক্রিয় ভূমিকা কামনা করা হয়েছে।











