নিজস্ব প্রতিবেদক :
কৃষকশ্রমিক জনতালীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, ‘আমি নির্র্বাচনে দল নিয়ে না দাঁড়ালেও সালাউদ্দিন আলমগীর রাসেলকে সমর্থন করেছি। কেন করেছি? আহমেদ আযমের চেয়ে সালাউদ্দিন আলমগীর ভালো মানুষ। আহমেদ আযম খান মুক্তিযোদ্ধাদের পিঠের চামড়া তুলতে চেয়েছে। সালাউদ্দিন আলমগীর মুক্তিযোদ্ধাদের সম্মান করেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে বাসাইল উপজেলার কাউলজানী বোর্ড বাজারে কৃষকশ্রমিক জনতালীগ আয়োজিত টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের হরিণ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেলের পক্ষে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ হাবিবকে আযম খানের লোকজন শারীরিক নির্যাতন করেছে। যে সখীপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠা করেছিল তাকে আযম খানের লোকজন যদি শারীরিক নির্যাতন করে অথবা অপমান করে তাহলে এর চেয়ে মরে যাওয়া ভালো। এর প্রতিশোধ বাসাইল ও সখীপুরের মানুুষ নেবে। এটাই আমার আশা, এটাই আমার বিশ্বাস। এর জোর-জুলুম চায় না, জোর-জুলুমের হাত থেকে বাসাইল-সখীপুরকে বাঁচাবার জন্য আমি হরিণ মার্কার স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেলকে সমর্থন করেছি। শেষে তিনি হরিণ মার্কার স্লোগান দেন। এসময় নেতাকর্মী ও সমর্থকরাও স্লোগান দিয়ে কাদের সিদ্দিকীকে উৎসাহ দেন।
এসময় উপস্থিত ছিলেন সখীপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ হাবিব, বাসাইল উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম, বাসাইল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা বজলুর রহমান মিয়া, সদস্য বীরমুক্তিযোদ্ধা শেখ ফিরোজ, সদস্য বীরমুক্তিযোদ্ধা হারুন-অর-রশিদ, উপজেলা কৃষকশ্রমিক জনতালীগের সভাপতি ও বাসাইল পৌরসভার সাবেক মেয়র রাহাত হাসান টিপু প্রমুখ। পরে তিনি সন্ধ্যায় উপজেলার কলিয়া বটতলা বাজারে পথসভায় যোগ দেন।










