খবরবাংলা ডেস্ক :
দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ১২ থেকে ১৫ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় গ্রামবাসীর বাধার মুখে তাদের ফিরিয়ে নিতে বাধ্য হয়েছে বিএসএফ।
রোববার (৬ সেপ্টেম্বর) রাতে বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের দাউদপুর সীমান্তে এ ঘটনা ঘটে। সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন দাউদপুর বিওপির ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মাহাবুর রহমান।
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, রাতে ভারতের দিক থেকে কাঁটাতারের বেড়া পার করে কয়েকজনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হয়। বিষয়টি স্থানীয় বাসিন্দাদের নজরে এলে তারা এগিয়ে এসে বাধা দেন। খবর পেয়ে বিজিবি সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছান।
বিজিবি ও গ্রামবাসীর যৌথ প্রতিরোধের মুখে শেষ পর্যন্ত বিএসএফ সদস্যরা তাদের ফিরিয়ে নিতে বাধ্য হন। ফলে বাংলাদেশে পুশইনের চেষ্টা ব্যর্থ হয়।
ক্যাম্প কমান্ডার মাহাবুর রহমান জানান, বিএসএফ কাঁটাতারের বেড়া পার করে কয়েকজনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করেছিল। স্থানীয়রা এগিয়ে এলে বিজিবি ও গ্রামবাসীর সম্মিলিত বাধার মুখে বিএসএফ তাদের ফেরত নিয়ে যায়।
এ ঘটনার পর সীমান্ত এলাকায় সতর্কতা বাড়ানো হয়েছে। পুশইন ঠেকাতে বিজিবির পাশাপাশি স্থানীয় গ্রামবাসীরাও সীমান্ত এলাকায় পাহারা দিচ্ছেন।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











