খবর বাংলা ডেস্ক :
২০২৬ ফিফা বিশ্বকাপ শুরুর আগে বড় সুখবর পেয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সর্বশেষ ফিফা র্যাঙ্কিংয়ে আবারও এক নম্বর অবস্থান ফিরে পেয়েছে লিওনেল মেসির দল। তবে এই অর্জনের পাশাপাশি সামনে এসেছে একটি অস্বস্তিকর পরিসংখ্যান, যা আর্জেন্টিনা সমর্থকদের নতুন করে ভাবাচ্ছে।
ফ্রান্সের বিপক্ষে আইভরি কোস্টের ২-১ গোলের জয়ের পর র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারিয়েছে ফরাসিরা। ফলে আর্জেন্টিনা উঠে এসেছে এক নম্বরে। দ্বিতীয় স্থানে রয়েছে স্পেন এবং তৃতীয় স্থানে নেমে গেছে ফ্রান্স।
তবে ইতিহাস আর্জেন্টিনার জন্য খুব একটা স্বস্তিদায়ক নয়। ১৯৯২ সালে ফিফা বিশ্ব র্যাঙ্কিং চালু হওয়ার পর বিশ্বকাপ শুরুর আগে এক নম্বরে থাকা কোনো দলই শেষ পর্যন্ত শিরোপা জিততে পারেনি। ফুটবলপ্রেমীদের কাছে এটি দীর্ঘদিনের এক ‘র্যাঙ্কিং অভিশাপ’ হিসেবে পরিচিত।
২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা শিরোপা জিতেছিল ফিফা র্যাঙ্কিংয়ের তৃতীয় স্থানে থেকে। এবার তারা বিশ্বকাপে যাচ্ছে বিশ্বের শীর্ষ দল হিসেবে, যা ইতিহাসের এই পরিসংখ্যানকে আরও আলোচনায় এনে দিয়েছে।
তবে আর্জেন্টিনার আত্মবিশ্বাসেরও যথেষ্ট কারণ রয়েছে। কোচ লিওনেল স্কালোনির অধীনে দলটি গত কয়েক বছরে অসাধারণ ধারাবাহিকতা দেখিয়েছে। বিশ্বকাপের পাশাপাশি টানা দুটি কোপা আমেরিকা জিতে নিজেদের আধিপত্য প্রমাণ করেছে আলবিসেলেস্তেরা।
দলের নেতৃত্বে রয়েছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য ২০২৬ বিশ্বকাপে ‘জে’ গ্রুপে আর্জেন্টিনার প্রতিপক্ষ আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। কাগজে-কলমে গ্রুপের সবচেয়ে শক্তিশালী দল হওয়ায় সহজেই নকআউট পর্বে ওঠার প্রত্যাশা করছে তারা।
এখন দেখার বিষয়, ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা দলগুলোর দীর্ঘদিনের সেই ‘অভিশাপ’ ভেঙে আর্জেন্টিনা নতুন ইতিহাস গড়তে পারে কি না।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











