খবরবাংলা ডেস্ক :
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পরও ক্ষোভ কাটছে না আর্জেন্টিনা সমর্থকদের। ম্যাচে রেফারিংয়ের কিছু সিদ্ধান্ত নিয়ে আপত্তি জানিয়ে ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে অনলাইন পিটিশন শুরু করেছেন তারা।
‘চেঞ্জ ডট ওআরজি’ প্ল্যাটফর্মে আর্জেন্টাইন সমর্থক গিসেলা সানচেজের করা ওই পিটিশনে ইতোমধ্যে ৬১ হাজার ৫০০-এর বেশি মানুষ স্বাক্ষর করেছেন। আবেদনটিতে ফিফার কাছে ফাইনালের রেফারি স্লোভেনিয়ার স্লাভকো ভিনচিচ এবং ভিএআরের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে।
পিটিশনে দাবি করা হয়েছে, ম্যাচে কয়েকটি রেফারিং সিদ্ধান্ত আর্জেন্টিনার বিপক্ষে প্রভাব ফেলেছে। তবে এসব দাবির পক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করা হয়নি।
ফুটবলের প্রচলিত নিয়ম অনুযায়ী, সাধারণ মানুষের অনলাইন পিটিশনের ভিত্তিতে কোনো আন্তর্জাতিক ম্যাচ পুনরায় আয়োজনের সুযোগ নেই। এমন সিদ্ধান্ত কেবল ব্যতিক্রমী পরিস্থিতিতে সংশ্লিষ্ট ফুটবল কর্তৃপক্ষ বা ক্রীড়া আদালতের মাধ্যমে নেওয়া হতে পারে।
এর আগে বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের একটি পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে ফ্রান্সের সমর্থকরাও একই ধরনের অনলাইন পিটিশন করেছিলেন। তবে সে ক্ষেত্রেও ফিফা কোনো পদক্ষেপ নেয়নি।
উল্লেখ্য, ১৯ জুলাই নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে অতিরিক্ত সময়ে তোরেসের একমাত্র গোলে আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা জিতে নেয় স্পেন।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











