খবরবাংলা ডেস্ক :
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বান্দরবানের চারটি জনপ্রিয় পর্যটনকেন্দ্রে এক দিনের জন্য বিনা মূল্যে প্রবেশের সুযোগ দিয়েছে জেলা প্রশাসন।
শনিবার (২৭ সেপ্টেম্বর) জেলা প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালিত নীলাচল, মেঘলা, প্রান্তিক লেক ও চিম্বুক পর্যটনকেন্দ্রে দর্শনার্থীদের কাছ থেকে কোনো প্রবেশ ফি নেওয়া হবে না।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সজীব কান্তি রুদ্র স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলার জনপ্রিয় এসব পর্যটনকেন্দ্রে দর্শনার্থীদের জন্য বিশেষ এ সুবিধা দেওয়া হয়েছে। ফলে পর্যটকরা প্রবেশ ফি ছাড়াই দিনটি উপভোগ করতে পারবেন।
প্রতিবছর ২৭ সেপ্টেম্বর বিশ্বজুড়ে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়। পর্যটনের গুরুত্ব, স্থানীয় অর্থনীতিতে এর অবদান এবং পর্যটন খাতের সম্ভাবনা সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যেই দিনটি পালন করা হয়।
জেলা প্রশাসনের এ উদ্যোগের ফলে বিশ্ব পর্যটন দিবসে বান্দরবানের পর্যটনকেন্দ্রগুলোতে দর্শনার্থীর সংখ্যা বাড়তে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
পর্যটক বাড়লে স্থানীয় পর্যটন ব্যবসায়ও এর প্রভাব পড়বে বলে মনে করছেন ব্যবসায়ীরা। বিশেষ করে হোটেল-রিসোর্ট, পরিবহন, রেস্তোরাঁ ও খাবারের দোকানসহ পর্যটননির্ভর বিভিন্ন খাতে বেচাকেনা বাড়ার সম্ভাবনা রয়েছে।
বান্দরবান হোটেল-রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের নেতারা মনে করছেন, এমন উদ্যোগ পর্যটকদের বান্দরবান ভ্রমণে আরও উৎসাহিত করবে এবং স্থানীয় পর্যটন খাতে ইতিবাচক প্রভাব ফেলবে।











