খবরবাংলা ডেস্ক :
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শ্রী শ্রী রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দিরের গ্রিল কেটে স্বর্ণ ও রুপার অলংকার, পিতলের প্রতিমা এবং প্রণামি বাক্সের টাকা চুরির ঘটনা ঘটেছে। রবিবার (১১ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে। সোমবার সকালে বিষয়টি জানাজানি হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
মন্দির পরিচালনা কমিটি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য অনুযায়ী, মন্দিরের পেছনের দিকের গ্রিলের একটি অংশ কেটে ভেতরে প্রবেশ করে চোরেরা। এরপর তারা স্বর্ণ ও রুপার অলংকার, পিতলের প্রতিমা এবং প্রণামি বাক্সে থাকা টাকা নিয়ে যায়।
মন্দিরের পুরোহিত বিমল চক্রবর্তী বলেন, সকালে পূজা দিতে এসে তিনি চুরির বিষয়টি দেখতে পান। পরে সংশ্লিষ্ট ব্যক্তিদের জানানো হলে পুলিশ ঘটনাস্থলে আসে। তাঁর ধারণা, রবিবার রাত ৯টার পর থেকে সোমবার সকালের মধ্যে চুরির ঘটনা ঘটেছে।
মন্দির পরিচালনা কমিটির সভাপতি দীপক কুমার ঘোষ জানান, সোমবার সকালে চুরির খবর পেয়ে তাঁরা বিষয়টি জানতে পারেন। মন্দিরের পেছনের দিকের গ্রিল কেটে চোরেরা ভেতরে প্রবেশ করেছে। ওই পাশে মেরামতকাজ চলায় সিসিটিভি ক্যামেরাটি খুলে রাখা হয়েছিল।
খবর পেয়ে সোমবার সকাল ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় পূজা উদযাপন পরিষদ ও আখড়া পরিচালনা কমিটির সদস্যরাও সেখানে উপস্থিত হন।
এ ঘটনায় মন্দির-সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তবে চুরি হওয়া স্বর্ণ ও রুপার অলংকারের পরিমাণ এবং প্রণামি বাক্স থেকে কত টাকা নেওয়া হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
আখাউড়া থানার উপপরিদর্শক (এসআই) আলী রেজা মামুন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। কীভাবে চুরির ঘটনা ঘটেছে, তা জানার চেষ্টা চলছে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











