খবর বাংলা ডেস্ক :
ভারতের পাঞ্জাব রাজ্যে গভীর ও সরু নলকূপে পড়ে যাওয়া চার বছরের এক শিশুকে প্রায় ৯ ঘণ্টার উদ্ধার অভিযানের পর জীবিত উদ্ধার করা হয়েছে। শিশুটির নাম গুরকরণ সিং।
কর্মকর্তারা জানান, পাঞ্জাবের হোশিয়ারপুর জেলায় বাড়ির কাছে খেলা করার সময় সদ্য খোঁড়া একটি নলকূপে পড়ে যায় গুরকরণ। প্রায় ২০ থেকে ৩০ ফুট গভীর ওই নলকূপে আটকে পড়ে সে। খবর পেয়ে দ্রুত উদ্ধার অভিযান শুরু করে প্রশাসন।
উদ্ধার অভিযানে অংশ নেয় ভারতের জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), স্থানীয় প্রশাসন এবং স্বেচ্ছাসেবকরা। দীর্ঘ প্রচেষ্টার পর রাত প্রায় ১২টা ৪০ মিনিটে শিশুটিকে জীবিত ও নিরাপদ অবস্থায় নলকূপ থেকে বের করে আনা হয়।
উদ্ধারের পর এনডিআরএফের এক সদস্য শিশুটিকে কোলে তুলে নেন। তার মুখে মাটি লেগে থাকলেও শিশুটিকে স্থিতিশীল অবস্থায় দেখা যায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
শিশুটির নিরাপদ উদ্ধারে পরিবার ও স্থানীয় গ্রামবাসীরা উদ্ধারকারী দল এবং এনডিআরএফ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











