খবরবাংলা ডেস্ক :
চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় রাজশাহীর গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নাসিমুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নাসিমুল ইসলাম রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ভগবন্তপুর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে। তিনি গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।
দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের ইনচার্জ তুহিন মিয়া জানান, মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার উদ্দেশ্যে নাসিমুল ইসলাম দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টে আসেন। এ সময় তার পাসপোর্ট ও ভিসার তথ্য যাচাই করা হয়।
যাচাইয়ের একপর্যায়ে তার বিরুদ্ধে আইনি জটিলতার তথ্য পাওয়া যায়। পরে গোদাগাড়ী থানায় যোগাযোগ করে তার বিরুদ্ধে মামলা থাকার বিষয়টি নিশ্চিত করা হয়। এরপর দর্শনা ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোখলেসুর রহমান বলেন, গোদাগাড়ী থানায় মামলা থাকায় দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট থেকে নাসিমুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
পুলিশ জানিয়েছে, পরবর্তী আইনগত প্রক্রিয়া সংশ্লিষ্ট থানায় সম্পন্ন করা হবে। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।











