খবর বাংলা ডেস্ক :
মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলকে ঘিরে ছড়িয়ে পড়া নানা আলোচনা নিয়ে ব্যাখ্যা দিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর। সরকারের দাবি, বিষয়টি নিয়ে যেসব অপতথ্য ও অনুমাননির্ভর বক্তব্য প্রচার হচ্ছে, তার সঙ্গে বাস্তবতার মিল নেই।
প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম রবিবার এক ফেসবুক পোস্টে জানান, মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ ব্যক্তিগত কারণে নির্বাচনের আগেই দায়িত্ব থেকে অব্যাহতির আবেদন করেছিলেন। তবে নির্বাচন ঘনিয়ে আসায় মাঠ প্রশাসনের শৃঙ্খলা ও কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে প্রধান উপদেষ্টার অনুরোধে তিনি নির্বাচনকাল পর্যন্ত দায়িত্ব পালন করতে সম্মত হন।
প্রেসসচিব বলেন, নিয়োগ বাতিলকে কেন্দ্র করে বিভিন্ন মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, যা সঠিক নয়। এ ধরনের অনুমাননির্ভর বক্তব্য প্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, শনিবার শেখ আব্দুর রশীদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়। তার স্থলাভিষিক্ত হয়েছেন এম সিরাজ উদ্দিন মিয়া, যিনি এতদিন প্রধান উপদেষ্টা কার্যালয়ের মুখ্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
সরকার বলছে, প্রশাসনিক এই পরিবর্তন একটি নিয়মিত প্রক্রিয়ার অংশ এবং এ নিয়ে অযথা বিভ্রান্তি না ছড়াতে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











