খবরবাংলা ডেস্ক :
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। তিন মাস বয়সী ওই শিশুর বাড়ি নেত্রকোনা জেলার বানুয়াপাড়া গ্রামে।
এ নিয়ে চলমান সময়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে হামের উপসর্গে মৃত শিশুর সংখ্যা বেড়ে ৬৬ জনে দাঁড়িয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার (২৯ জুলাই) দিবাগত রাত সোয়া ২টার দিকে শিশুটিকে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। পরে বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১৮ শিশু ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে।
এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৩ হাজার ১০৩ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা শেষে ২ হাজার ৯৪৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
বর্তমানে হাসপাতালের হাম ওয়ার্ডে ৯০ শিশু ভর্তি রয়েছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











