খবরবাংলা ডেস্ক :
দেশের মাধ্যমিক বিদ্যালয়ের নন-ক্যাডার সহকারী শিক্ষকদের সিনিয়র শিক্ষক পদে পদোন্নতি দেওয়ার উদ্যোগ নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। এ জন্য প্রয়োজনীয় তথ্য চাওয়া হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (মাধ্যমিক-২) এস এম মোসলেম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অধিদপ্তরের অধীন বিদ্যালয় ও পরিদর্শন শাখায় কর্মরত ৩৪তম, ৩৫তম ও ৩৬তম বিসিএস (নন-ক্যাডার) থেকে যোগদানকারী সহকারী শিক্ষকদের সহকারী শিক্ষক থেকে সিনিয়র শিক্ষক পদে পদোন্নতি দেওয়ার জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে।
এ জন্য সংশ্লিষ্ট আঞ্চলিক উপপরিচালকদের আগামী ২৩ সেপ্টেম্বরের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র অধিদপ্তরে পাঠাতে বলা হয়েছে। কাগজপত্র বাহকের মাধ্যমে দুই সেট হার্ডকপি আকারে পাঠাতে হবে।
পদোন্নতির জন্য সংশ্লিষ্ট শিক্ষকদের গত পাঁচ বছরের বার্ষিক গোপনীয় প্রতিবেদন, বিভাগীয় বা ফৌজদারি মামলা এবং অডিট আপত্তি নেই—এ মর্মে প্রতিষ্ঠানপ্রধানের প্রত্যয়নপত্র জমা দিতে হবে।
এ ছাড়া সংশ্লিষ্ট শিক্ষকের চাকরি সন্তোষজনক—এ মর্মেও প্রতিষ্ঠানপ্রধানের প্রত্যয়নপত্র পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











