নিজস্ব প্রতিবেদক :
টাঙ্গাইলের মির্জাপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় গুলিতে হিমেলের দুই চোখের দৃষ্টিশক্তি হারানোর ঘটনায় করা মামলায় শওকত হোসেন ফালু (৬২) নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার গোড়াই ইউনিয়নের নাজিরপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শওকত হোসেন ফালু গোড়াই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি। তিনি নাজিরপাড়া গ্রামের সুরুজ বেপারীর ছেলে। পুলিশ জানিয়েছে, তিনি মামলার এজাহারভুক্ত আসামি।
মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) সেলিম মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাজিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে ফালুকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলছিল। ওই আন্দোলনে মির্জাপুরের গোড়াই ইউনিয়নের লালবাড়ি গ্রামের হিমেল অংশ নেন। সংঘর্ষ ও গুলির ঘটনায় তিনি আহত হন এবং দুই চোখের দৃষ্টিশক্তি হারান।
এ ঘটনায় হিমেলের মা নাছিমা বেগম বাদী হয়ে টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মির্জাপুর আমলি আদালতে মামলা করেন। মামলায় পুলিশ, সাংবাদিক, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ ১০০ জনের নাম উল্লেখ করা হয়। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে। ফালু এ মামলার ৬ নম্বর এজাহারভুক্ত আসামি বলে জানা গেছে।
এদিকে একই জেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় সখীপুর পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান আনিস (৩৫)কেও গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গড়গোবিন্দপুর এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সখীপুর থানার পুলিশ জানিয়েছে, বিশেষ অভিযানের আওতায় আনিসুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আন্দোলনে সরাসরি হামলার অভিযোগ রয়েছে। মামলার অন্য এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।











