মির্জাপুর সংবাদ দাতা
টাঙ্গাইলের মির্জাপুরে প্রাতভ্রমণে বের হয়ে ছিনতাইকারীদের কবলে পড়েছেন নুরজাহান বেগম (বৃদ্ধা) নামে এক নারী। মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি তাঁর কানের দুটি স্বর্ণের দুল ছিনিয়ে নিয়ে পালিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।
শনিবার (৮ আগস্ট) সকাল ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাসের বাওয়ার কুমারজানী মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ওই সকালে বাড়ির পাশে মহাসড়কের ধীরগতির লেনে হাঁটতে বের হন নুরজাহান বেগম। এ সময় মোটরসাইকেলে করে দুই ব্যক্তি তাঁর কাছে এসে দুই হাত ধরে কানের স্বর্ণের দুল ছিনিয়ে নেয়। পরে দ্রুত মোটরসাইকেলে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা।
ভুক্তভোগী নুরজাহান বেগম বাওয়ার কুমারজানী গ্রামের মৃত চান্দে সিকদারের স্ত্রী। তাঁর পরিবারের দাবি, ছিনিয়ে নেওয়া দুটি দুলের মোট ওজন প্রায় আট আনা।
ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। বিশেষ করে সকালে প্রাতভ্রমণে বের হওয়া নারী ও বয়স্ক ব্যক্তিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
নুরজাহান বেগমের ছেলে মিজান সিকদার বলেন, মহাসড়কসংলগ্ন এলাকায় এ ধরনের ছিনতাই উদ্বেগজনক। দ্রুত ছিনতাইকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
ভুক্তভোগী পরিবার জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।











